এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
রদ্রিগোর জোড়া গোলে চেলসিকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে ঘরের মাঠে ২-০ তে এগিয়েছিলো রিয়াল মাদ্রিদ। বুধবার দ্বিতীয় লিগে চেলসির ঘরের মাঠে আবারো ২-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে দুই লিগ মিলে ৪-০ তে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে চেলসি।
আগের ম্যাচে পিছিয়ে পড়া চেলসি ঘরের মাঠে শুরু থেকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ করে রিয়ালের রক্ষনভাগের পরীক্ষা নেয় স্বাগতিরা। ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি চেলসির মিডফিল্ডার কন্তে।
অল্পের জন্য তার ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চেলসির ঘরের মাঠে প্রথমে অচেনা মনে হলেও সময় যেতেই নিজেদের আসল রূপে ফেরেন ভিনি-বেনজেমারা।
ম্যাচের ৩০ মিনিটে দানি কারবাহালের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে দারুণ শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ তারকার শট কাছের পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে মার্ক কুকুরেল্লার জোরালো শটকে প্রতিহত করে স্বাগতিকদের গোলবঞ্চিত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। গোল শূন্য রেখে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আগ্রাসী ফুটবল ফেলে স্প্যনিশ জায়ান্টরা। ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ছয় বক্স থেকে জালে পাঠান রিয়ালের তরুণ স্ট্রাইকার রদ্রিগো। এই গলো ম্যাচ থেকে অনেকটায় ছিটকে যায় স্বাগতিকরা।
ম্যাচের শেষ সময়ে নিজের জোড়া গোল পূরণ করলে চেলসিকে আসর থেকে ছিটকে দিয়েছে রদ্রিগো। ৮০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দে বক্সের ভেতরে বল পেয়েও নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন রদ্রিগোর দিকে; যা দারুণভাবে কাজে লাগান রদ্রিগো। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন বেঞ্জেমা-রদ্রিগোরা।
এনবিএস/ওডে/সি