এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
নেপোলিকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এসি মিলান
চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটারফাইনালের প্রথম লিগে ঘরের মাঠে নেপোলিকে ১-০ তে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালের স্বপ্ন দেখে এসি মিলান। বুধবার দ্বিতীয় লিগে নেপোলির ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে মিলান। দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ড্র করেও শেষ রক্ষা হয়নি নেপোলির। দুই লিগ মিলে ২-১ গোলে পিছিয়ে থেকে আসর থেকে ছিটকে গেছে ইতালিয়ান জায়ান্টরা।
এদিন ম্যাচে শুরু থেকেই গোল সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপোলি। একের পর এক আক্রমণ করে সফরকারীদের চাপে রাখে স্বাগতিকরা । ম্যাচের ২১তম মিনিটে বক্সে রাফায়েল লেয়াওকে নাপোলি ডিফেন্ডার মারিও রুইকে ফাউল করলে পেনাল্টি পায় মিলান। কিন্তু জিরুদের স্পট কিক দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স মেরেত। ২৭তম মিনিটে আবারও জিরুদকে হতাশ করেন মেরেত।
ডি-বক্সে জটলার মধ্যে একজনকে কাটিয়ে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট কোনোমতে পা দিয়ে ফেরান ইতালিয়ান গোলরক্ষক। তবে নেপোলির আক্রমণ সামলে প্রথমার্ধে গোল পায় মিলান। ৪৩তম মিনিটে গোলটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে লেয়াওয়ের। নিজেদের সীমানা থেকে বল পায়ে দ্রুত ছুটে কয়েকজনের চ্যালেঞ্জ সামলে ছয় গজ বক্সে বল বাড়ান পর্তুগিজ ফরোয়ার্ড, বাঁ পায়ের শটে বল জালে পাঠাতে ভুল করেননি জিরুদ। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি স্বগতিকরা। তবে মুহুর্মুহু আক্রমণ শাণালেও প্রতিপক্ষের জমাট রক্ষণে তেমন সুবিধা করতে পারেনি। তবে ম্যাচে ৮০তম মিনিটে মিলানের ফিকায়ো তোমোরির হাতে বল লাগলে সুবর্ণ সুযোগ পেয়ে যায় নাপোলি। কিন্তু জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা পেনাল্টি শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে হেডে নাটকীয়তা জাগানো গোলটি করেন নাইজেরিয়ার স্ট্রাইকার ওসিমহেন। শেষ ম্যাচ ড্র হলেও শেষ রক্ষা হয়নি নেপোলির। ২-১ ব্যবধানে জিতে মেসিফাইনাল নিশ্চিত করে এসি মিলান।
এনবিএস/ওডে/সি