ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এএফসি নারী চ্যাম্পিয়নশীপে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

এএফসি নারী চ্যাম্পিয়নশীপে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এএফসি নারী চ্যাম্পিয়নশীপে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ

অর্থিক দুর্নীতির দায়ে যখন সমালোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, ঠিক সেই সময়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রথম রাউন্ড খেলতে বাংলাদেশ দলকে সিঙ্গাপুর পাঠিয়েছে বাফুফে। আর বয়সভিত্তিক এই দল পাঠানো নিয়ে কোনো আর্থিক সংকটের কথা বলেনি ফেডারেশন। কারণ এই সফরের খরচ বেশিরভাগই বহন করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুধু সিঙ্গাপুর যাওয়া-আসার বিমান ভাড়া বহন করছে বাফুফে। 

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের জন্য গ্রুপ ‘ডি’তে স্বাগতিক সিঙ্গাপুর ছাড়া বাংলাদেশের আরেক প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। বুধবার তুর্কমেনিস্তানের বিরুদ্ধে রড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।  দ্বিতীয় ম্যাচে ৩০ এপ্রিল সিঙ্গাপুরের মুখোমুখি হবে রুমা-জয়নবরা।

সাফ এবং এএফসির টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের অংশগ্রহণ নিয়মিত। এসব প্রতিযোগিতায় নিয়মানুযায়ী দলগুলোর খরচ বহন করে দুটি সংস্থায়ই। তাই তো মেয়েদের মিয়ানমার সফর বাতিল বিষয়ে সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাউদ্দিন বড় গলায় বলেছিলেন, টাকা ম্যানেজ করতে পেরেছি বলেই তো সিঙ্গাপুরে দল পাঠাচ্ছি। টাকা নেই বলে মিয়ানমারে পাঠাতে পারছি না।

কিন্তু সেদিন তিনি খোলাসা করেননি নিয়মানুযায়ী এএফসির টুর্নামেন্টের বেশিরভাগ খরচই বহন করে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু ফুটবল সংশ্লিষ্টরা জানেন যে শুধু থাকা-খাওয়ার সুবিধাই নয়, এএফসির টুর্নামেন্টে দলগুলোকে পার্টিসিপেশন্স মানিও দেয় সংস্থাটি। সিঙ্গাপুরে বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় তার ব্যত্যয় ঘটেনি। সাধারণভাবে নিজেদের প্রতিযোগিতাগুলোতে আয়োজকদের বেশ বড় অঙ্কের অর্থ দিয়ে থাকে এএফসি। তাদের দেওয়া অর্থ দিয়েই স্বাগতিক দেশগুলো অতিথি দলগুলোর থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করে।

বাছাইপর্বে থাকা বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের সব খরচ এএফসির টাকা থেকে ব্যয় করবে স্বাগতিক সিঙ্গাপুর। এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শুধু বহন করতে হচ্ছে বিমানের টিকিট বাবদ খরচ। সেটাও বাফুফের নিজস্ব ফান্ড থেকে নয়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক বিমানের খরচসহ আরও আনুষঙ্গিক খরচ দিয়েছে। অথচ সাবিনাদের মিয়ানমার সফরের জন্য ঢাকা ব্যাংকের কাছে কোনো প্রস্তাবই দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে অলিম্পক বাছাইয় খেলতে মিয়ানমার যেতে পারেনি নারী দল।