এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তালেবানদের বৈঠকের অনুমতি প্রদান জাতিসংঘের
শুধু চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয় মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তালিবান প্রশাসনের পরর্ষ্ট্রামন্ত্রী আমীর খান মুত্তাকিকে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করারও অনুমতি দিয়েছে।
আগামী সপ্তাহে মুক্তাকি আফগানিস্তান থেকে পাকিস্তান যাবেন। তার এই যাতায়াতের যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছেন আফগান মন্ত্রীরা। দেশটির উপর রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞাও। তাদের সব সম্পদও জব্দ করা হয়েছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের তালিবান নিষেধাজ্ঞা কমিটির কাছে পাকিস্তান জাতিসংঘ মিশন এক পত্রে চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য ৬ থেকে ৯ মে পর্যন্ত মুত্তাকির উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়েছে।
মন্ত্রীদের সঙ্গে তালিবান পররাষ্ট্রমন্ত্রীর কি বিষয়ে আলোচনা হবে তা উল্লেখ করা হয়নি পত্রে।
পাকিস্তান ও চীনের কর্মকর্তারা অতীতে বলেছেন, চীনের ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের অবকাঠামো চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোরে (সিপিইসি) তালিবান শাসিত আফগানিস্তানের যোগদান স্বাগত জানানো হবে।
দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও যাতায়াতের জন্য ভৌগোলিক অবস্থানের দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটিতে রয়েছে খনন না হওয়া অনেক খনিজ সম্পদ। ২০ বছরের দখলদারিত্বের পর তালিবানরা ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে।
নিরাপত্তা পরিষদ কমিটি গত মাসে প্রতিবেশি উজবেকিস্তানে যাওয়ার অনুমতি দেয় মুত্তাকিকে। সেখানে তিনি প্রতিবেশি দেশগুলোর সঙ্গে জরুরিভিত্তিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা স্থাপন নিয়ে আলোচনা করেন। তবে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতারেস দোহায় আফগানিস্তান বিষয়ক বিভিন্ন দেশের বিশেষ দূতদের সঙ্গে দুই দিনের বৈঠক শুরু করেছেন। সেখানে আফগানিস্তানকে রাখা হয়নি। বৈঠকের লক্ষ্য হলো আফগানিস্তানের বিষয়ে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার পথ খুঁজে বের করা। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এনবিএস/ওডে/সি