ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

 ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের শিরোপা জিতে নতুন এক ইতিহাস গড়ে এশিয়া কাপ ক্রিকেটের মূলপর্বের টিকিট লাভ করেছে হিমালয়ের দেশ নেপাল। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপাল ৭ উইকেটে হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাতকে।  

এশিয়া কাপে নেপালকে ‘এ’ গ্রুপে খেলতে হবে এই মহাদেশের সবচেয়ে শক্তিশালী দুই দল পাকিস্তান ও ভারতের সঙ্গে। অপরদিকে, ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল সোমবার। বৃষ্টির কারণে সেটি রিজার্ভ ডেতে গড়ায়। কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আরব আমিরাতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নেপাল।

বাঁহাতি স্পিনার ললিত রাজবংশির ঘূর্ণিতে ৩৩.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

রাজবংশি মাত্র ১৪ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার সন্দ্বীপ লামিচানে ও করন ছেত্রীর। জবাবে ২২ রানে ৩ উইকেট হারালেও গুলশান ঝা ও ভিম শারকির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। গুলশান ৬৭ আর ভিম ৩৬ রানে অপরাজিত থাকেন।

মোট ১০টি দল খেলে দুই গ্রুপে বিভক্ত হয়ে। ‘এ’ গ্রুপে ছিল নেপাল ছাড়াও ওমান, মালয়েশিয়া, সৌদি আরব ও কাতার। আর ‘বি’ গ্রুপে ছিল আরব আমিরাত ছাড়াও কুয়েত, হংকং, বাহরাইন ও সিঙ্গাপুর। সেমিফাইনালে নেপাল পরাজিত করে কুয়েতকে এবং আরব অমিরাত হারিয়ে দেয় ওমানকে। ওমান তৃতীয় স্থান লাভ করে কুয়েতকে পরাজিত করে।

এনবিএস/ওডে/সি