এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
ইউরোপের শীর্ষ ৫ দেশে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার বন্ধ করার হুমকি ফিফার
আগামী ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশকাপ। এর মধ্যে সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অল্প মূল্যে সম্প্রচার কেনার প্রস্তাব দেওয়ায় ইউরোপের শীর্ষ ৫ দেশে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করার হুমকি দিয়েছে ফিফা সভাপতি।
টিভি সম্প্রচারের জন্য যে অর্থ প্রস্তাব করা হয়েছে, তা সব ফুটবলার ও বিশ্বজুড়ে সব মেয়েদের অসম্মান করা হবে বলে মনে করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। ইউরোপে ‘বিগ ফাইভ’ দেশ থেকে সম্প্রচার স্বত্বের যে অঙ্কের প্রস্তাব এসেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইনফান্তিনো। বিগ ফাইভের মধ্যে আছে বৃটেন, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স।
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় ফিফা প্রেসিডেন্ট বলেন, মেয়েদের ফুটবলের দরপতনের এই প্রচেষ্টাকে কোনোভাবেই মেনে নিবো না। পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলি কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনী বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এজন্যই, যদি প্রস্তাবগুলি এরকম অন্যায্য হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলিতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।
তিনি আরো বলেন, মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। সেখানে ছেলেদের বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত।
এনবিএস/ওডে/সি