এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মে, ২০২৩, ১০:০৫ এএম
গুজরাট টাইটান্সকে হারিয়ে দিল্লির জয়
ভারতীয় দল থেকে অনেকটাই ব্রাত্যের তালিকা ফেলে দেওয়া হয়েছিল ইশান্ত শর্মাকে। তবে ৩৪ বছর বয়সী পেসার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফুল ফোটাচ্ছেন। এই ডানহাতি পেসারের জন্যই ছোট্ট পুঁজি নিয়েও গুজরাট টাইটান্সকে হারাল দিল্লি।
আহমেদাবাদে মঙ্গলবার ১৩০ রানের পুঁজি নিয়েও দিল্লি ৫ রানের জয় তুলে নিয়েছে। শেষ ওভারে ১২ রান দরকার ছিল গুজরাটের। ইশান্ত মাত্র ৬ রান খরচায় ১ উইকেট তুলে নেন। গুজরাট ৬ উইকেটে ১২৫ রানে থামে।
দুর্দান্ত খেলতে থাকা হার্দিক পান্ডিয়া শেষ ওভারেও উইকেটে ছিলেন। তারপরও আটকে গেছে গুজরাট। ৫৩ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেও হারের বেদনায় মাঠ ছাড়তে হয়েছে পান্ডিয়াকে। দিল্লির পক্ষে ইশান্ত ও খলিল আহমেদ সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা দিল্লির ব্যাটিং অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে ছিল দলটি। সেখান থেকে আমান হাকিম খানের ফিফটিতে ৮ উইকেটে ১৩০ রানের পুঁজি গড়তে সমর্থ্য হয় দিল্লি।
আমান হাকিম ৪৪ বলে ৫১ রান করেন। ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেলের সঙ্গে ৫৪ বলে ৫০ এবং সপ্তম উইকেটে রিপল প্যাটেলের সঙ্গে গড়েন ২৭ বলে ৫৩ রানের জুটি।
অক্ষর প্যাটেল ৩০ বলে ২৭ এবং রিপল প্যাটেলের সঙ্গে ১৩ বলে ২৩ রানের জুটি গড়েন। গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি সর্বাধিক ৪টি এবং মোহিত শর্মা ২ উইকেট নেন।
এনবিএস/ওডে/সি