এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
ইউক্রেন সীমান্তে আরেকটি রুশ ট্রেনে বিস্ফোরণ
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি মালবাহী ট্রেনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। গত মঙ্গলবার এ ঘটনা ঘটল। খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রাইনস্ক অঞ্চলে বিস্ফোরক ডিভাইসের কারণে রাশিয়ান মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রাশিয়ার ভূখণ্ড ও ক্রিমিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া।
এটি হলো দুদিনে দ্বিতীয় ট্রেন লাইনচ্যূতের ঘটনা। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, একটি ট্রেন ও কয়েকটি বগি বিস্ফোরকের সাহায্যে লাইনচ্যুত করা হয়। রাশিয়ার রেলওয়ে জানায়, রেল চলাচলে অবৈধ হস্তক্ষেপের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
গভর্নর বলেন যে, ইউক্রেন এবং বেলারুশ সীমান্তের কাছাকাছি প্রায় তিন লাখ ৭০ হাজার জনসংখ্যার শহর ব্রায়ানস্কের আঞ্চলিক কেন্দ্রের বাইরে স্নেজেটস্কায়া স্টেশনে ট্রেনটি অবস্থান করছে। তিনি জানান, এর আগে সোমবার ব্রায়ানস্ক অঞ্চলে সোমবার প্রথম বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি।
স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় সময় সকাল দশটার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে তেল এবং কাঠবাহী ট্রেনটি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বগিতে। এ সময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত ৭টি বগি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণটি কারা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্দেহের তীর ইউক্রেনের দিকেই। তবে ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভ সরকার, যারা এই ধরনের হামলার পিছনে রয়েছে। তারা এমন হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছে।
এনবিএস/ওডে/সি