ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মৌসুম শেষে পিএসজি থেকে বিদায় নেবে মেসি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ১১:০৫ এএম

মৌসুম শেষে পিএসজি থেকে বিদায় নেবে মেসি

 মৌসুম শেষে পিএসজি থেকে বিদায় নেবে মেসি

চলতি মৌসুম শেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়বেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পিএসজির সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবায়নে নীতিগতভাবে সম্মত হয়েছিলেন। যদিও এখন দুই পক্ষের কেউই চুক্তিটা এগিয়ে নিতে চাইছে না।

পিএসজি আর্থিক কারণে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারবে বলে সংশয় রয়েছে মেসির। অন্যদিকে, ফরাসি চ্যাম্পিয়নরা মনোযোগ দিতে চায় তরুণ ও মেধাবী খেলোয়াড় খোঁজার দিকে।

২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে দুই বছরের চুক্তি করেন মেসি। চুক্তিটা আরো এক বছর বাড়িয়ে নেয়ার অপশন ছিল। যদিও সেই ক্লজটি এখন আর সক্রিয় হবে না।

ইতালিয়ার খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, ব্লেচার রিপোর্ট আর বিবিসির আজকের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির উপদেষ্টা ও এজেন্ট হিসেবে কাজ করা তার বাবা হোর্হে মেসি দুই সপ্তাহ আগে পিএসজির ফুটবল উপদেষ্টা লুই ক্যাম্পোসের সঙ্গে সাক্ষাত করে বিষয়টি অবহিত করেন।

মেসির বিশ্বাস, আগামী মৌসুমে উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়মের কারণে পিএসজির বাজেট সীমিত করে দেবে উয়ফা, ফলে তাদের স্কোয়াড পড়ে যাবে ঝুঁকির মুখে।

 সম্প্রতি চুক্তি নবায়নে তার গড়িমসিতেও পিএসজির উর্ধ্বতন কর্তৃপক্ষ হতাশ হয়। তারা মনে করেন, মেসির জবাব দিতে বিলম্ব করাই তার চলে যাওয়ার স্পষ্ট বার্তা দেয়।

 ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণ করায় মঙ্গলবার মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি।

 গুঞ্জন রয়েছে, সৌদি আরবের কোনো ক্লাবে নাম লেখাতে পারেন। সেখানে গেলে তাকে বছরে ৪০ কোটি ইউরো দেবে মধ্যপ্রাচ্যের ধনী দেশটি। আবার বার্সেলোনায় পুনরায় নাম লেখানোর গুঞ্জনও রয়েছে। আমেরিকান ক্লাব মায়ামি ইন্টারের নামও উচ্চারিত হচ্ছে।

 পিএসজিতে নাম লেখানোর পর ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি, অ্যাসিস্ট করেন আরো ৩৪ গোলে। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ শিরোপা জিতেছেন তিনি।  

এনবিএস/ওডে/সি