এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০২:০৫ পিএম
বিরাট কোহলি ও গম্ভীরের কাউকে নিষিদ্ধ করলেই দ্বন্দ্ব বন্ধ হবে : শেবাগ
ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ এবার বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মাঝে চলমান দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন। চলতি আইপিএলের একাধিক ম্যাচে কোহলি-গম্ভীর বিবাদে জড়িয়েছেন। দুজনকে শাস্তিও দেওয়া হয়েছে। ম্যাচ শেষেও কোহলি সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নাম উল্লেখ না করে খোঁচাখুঁচি করেছে। দেশের বর্তমান এবং সাবেক দুই সুপারস্টারের মধ্যে এই দ্বন্দ্ব কোনোভাবেই মানতে পারছেন না শেবাগ।
ভারতের সাবেক এই বিধ্বংসী ওপেনার ‘ক্রিকবাজ’-এ আলোচনায় বলেছেন, ম্যাচ শেষে আমি টিভি বন্ধ করে ফেলেছিলাম। কোনো ধারণাই ছিল না ম্যাচ শেষে কী হয়েছিল। পরদিন সকালে উঠে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হৈচৈ চলছে এটা নিয়ে। যা হয়েছে, মোটেও ঠিক হয়নি। হেরে যাওয়ার পর তা মেনে নিয়ে চলে যাওয়া উচিত, জয়ী দল তো উদযাপন করবেই। তাদের কেন এমন কিছু করতে হবে এবং পরস্পরের দিকে কিছু বলতে হবে?
শেবাগ আরো বলেন, আমি সব সময়ই একটা কথা বলি, এই মানুষগুলো আমাদের দেশের আইকন। তারা কিছু বললে বা করলে, লাখ লাখ বাচ্চা তা অনুসরণ করে। তারা মনে করে, আমাদের আইকনরা এটা করেছে মানে আমিও করতে পারি। এই ব্যাপারগুলো তাই মাথায় রাখা উচিত। এ ধরনের আচরণ বন্ধ করা উচিত। বিসিসিআই যদি কাউকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো এ ধরনের ঘটনা প্রায় ঘটবেই না বা একেবারে বন্ধ হয়ে যাবে। আগেও এ রকম ঘটনা হয়েছে। মাঠে এসব ভালো দেখায় না।
এনবিএস/ওডে/সি