এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
ভারত-পাকিস্তান লড়াই ছাড়াও ফাইনাল অনুষ্ঠিত হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু তা মাঠে গড়ানোর আগে ভারত-পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে শর্ত আরোপ ও নানা আলোচনা-সমালোচনা চলছে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্ট নিয়ে প্রতিবেশী দেশ দুটি পাল্টাপাল্টি মন্তব্য করছে।
বিশ্বকাপের আগেই সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে হবে এশিয়া কাপ। কিন্তু কূটনৈতিক বৈরিতার কারণে দেশটিতে যেতে রাজি নয় ভারতীয় দল। তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য হাইব্রিড মডেল দাঁড় করায় ভারত।
পাকিস্তানও সোজাসুজি জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায়। বাবর আজমদের প্রস্তাবিত দুটি ভেন্যু হচ্ছে কলকাতা ও চেন্নাই।
এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। এছাড়া কলকাতায় অনেক টুর্নামেন্ট খেলেছে তারা। সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলায় মানুষের সর্বাধিক আগ্রহ থাকায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায় আইসিসি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ধারণ ক্ষমতা প্রায় এক লাখের বেশি। এই মাঠে অধিক মুনাফা তুলতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে বিশ্বকাপের ফাইনালের জন্য বেছে নিয়েছে সংস্থাটি। বিশ্বকাপের সব ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে।
এনবিএস/ওডে/সি