এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
বিশ্বকাপে চার দেশের বিপক্ষে ধীরগতির উইকেট চায় রোহিত শর্মারা
চলতি বছর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই আসরের সূচি এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু নিজেদের ইচ্ছার কথা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় দল। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, রোহিত শর্মারা নাকি বিশেষ ৪টি দেশের বিপক্ষে ম্যাচে নিজেদের পছন্দমতো পিচ চেয়েছেন। যদিও সেটা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো ধীরগতির উইকেটে আয়োজনের আবদার করেছেন রোহিতরা। অর্থাৎ এমন উইকেটে স্পিনাররা সাহায্য পাবেন। ঘরের মাঠে খেলার সুবিধা ভারতীয় দল পুরোপুরি কাজে লাগাতে চায়। তবে পাকিস্তানের বিপক্ষে বিশেষ পিচের আবেদন গ্রাহ্যই করবে না বিসিসিআই। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দেওয়া হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলোও নাকি স্লো উইকেটে দেওয়া হতে পারে।
পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে যায়, তবে স্বাগতিকদের বিপক্ষে তাদের ম্যাচটি হতে পারে আহমেদাবাদে। কারণ, এতে পাকিস্তানের দর্শকরাও সহজে সীমানা পার হয়ে খেলা দেখতে পারবেন। এছাড়া আহমেদাবাদের গ্যালারির ধারণক্ষমতা লক্ষাধিক হওয়ায় সেই মাঠে এই হাইভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই কারণে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ দেওয়া হতে পারে কলকাতার ইডেন গার্ডেন এবং গুয়াহাটিতে।
এনবিএস/ওডে/সি