এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০১:০৫ পিএম
কেরালা রাজ্যে হাউসবোট ডুবে ২২ জনের মৃত্যু
ভারতের কেরালা রাজ্যে পর্যটক বহনকারী বিশেষ একটি নৌকা বা হাউসবোট ডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। হাউসবোটটিতে প্রায় ৩০ জন আরোহী ছিল। রোববার সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরাম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সৈকতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আবদুর রহমান। তিনি বলেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। স্কুল ছুটি থাকায় তারা হাউসবোটটিতে ভ্রমণে গিয়েছিল।
মন্ত্রী বলেন, হাউসবোটটি উল্টে যায়। এখনো অনেকে সেটির নিচে আটকে আছে বলে মনে করা হচ্ছে। তাদের বের করে আনতে হবে। কী কারণে নৌকাটি উল্টে গেছে তা জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।
এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
এনবিএস/ওডে/সি