এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০১:০৫ পিএম
ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, আহত ৫
রাশিয়া সোমবার (৮ এপ্রিল) ভোরে ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ ও অন্যান্য নগরী লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইউরোপের বৃহত্তম জাপোরঝিয়া পারমানবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যাপক বৃদ্ধি পাওয়ার মধ্যে মস্কো এ হামলা চালালো। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।
ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ড জানিয়েছে, তারা হামলাকারী ৩৫টি ইরানী শাহেদ ড্রোনের সব কয়টি ধ্বংস করেছে। রাশিয়া একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।
ইউক্রেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, ‘দুর্ভাগ্যবশত সুউচ্চ ভবন, সাধারণের বাসভবন ও অন্যান্য অসামরিক বাসভবনে হামলায় সাধারণ মানুষ হতাহত হচ্ছে।’
রাশিয়ার বড় ছুটির দিন ভিক্টর ডে’র উৎসব পালনের আগের দিন ইউক্রেনে সর্বশেষ এ বড় হামলা চালালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানিকে পরাজিত করার বার্ষিকী উপলক্ষে ৯ মে রাশিয়া ভিক্টরি ডে বা বিজয় উৎসব পালন করে। এদিন মস্কোর রেড স্কয়ারে বড় ধরণের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, রাশিয়ার বিমান হামলায় সেখানে ৫ জন আহত হয়েছে। ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি খাদ্য বোঝাই গুদামে আগুন ধরে যায়। ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতের প্রতিরক্ষার দায়িত্বে নিযুক্ত ইউক্রেনের শীর্ষ জেনারেল বলেছেন, ‘রাশিয়া সেখানেও গোলাবর্ষণ জোরদার করেছে। বিজয় দিবসের আগে তারা সেখানে সাফল্য লাভের চেষ্টা করছে।’
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন যে, কিয়েভে অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে স্থানীয় কর্মকর্তারা জানান, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নগরীর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
এদিকে মস্কোর নিযুক্ত গভর্ণর ইনেরহোদার এলাকাসহ জাপোরঝিয়া থেকে অসামরিক লোকজনকে সরে যাওযার নির্দেশ দিয়েছে। এ এলাকায় পরমাণু কেন্দ্রটির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি বসবাস করেন।
আন্তর্জাতিক পারমানবি জ্বালানী সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রাসি জাপোরজিয়া পরমাণু কেন্দ্রের জন্য একটি নিরাপদ অঞ্চল গঠনে সম্মত করাতে রাশিয়া ও ইউক্রনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন।
রোববার রাশিয়া নিযুক্ত গভর্নর ইয়েভজেনি বালিতস্কি বলেন যে, শহরের দুটি অজ্ঞাতনামা স্থান থেকে ১৫০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার তিনি অসামরিক লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দেন।
এনবিএস/ওডে/সি