এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
মে মাসেই মিয়ানমারের প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারেন
রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার (৮ মে) দুপুরে জানিয়েছেন।
তিনি জানান, মিয়ানমারের প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করবে। এরই মধ্যে মিয়ানমার ঘুরে আসা রোহিঙ্গারা দেশটিতে ফিরে যাওয়ার পরিবেশ ও তাদের নাগরিক সুবিধা নিয়ে অসন্তোষ ও অনাস্থা প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে কথা বলবে মিয়ানমারের প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের কাছে পুনর্বাসনের পরিকল্পনা তুলে ধরবেন এবং দূরত্ব কমানোর চেষ্টা করবেন। তবে কবে নাগাদ তারা বাংলাদেশে আসবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে মিয়ানমারে প্রস্তুতি এবং পরিবেশ দেখে ২৭ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদল ফিরে আসার পর অসন্তোষ প্রকাশ করেন ঐ প্রতিনিধিদল।
শুক্রবার (৫ মে) সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে তারা মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন।
দলে ২০ জন রোহিঙ্গা, যাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। আছেন একজন দোভাষীসহ বিভিন্ন দপ্তরের ছয়জন বাংলাদেশী কর্মকর্তা। তাদের নিরাপত্তার জন্য দুটি স্পিড বোটসহ রয়েছেন ১৬ জন বিজিবি সদস্য।
এনবিএস/ওডে/সি