ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সীমান্ত উত্তেজনা কমিয়ে বাণিজ্য বাড়াতে একমত আফগানিস্তান-পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

সীমান্ত উত্তেজনা কমিয়ে বাণিজ্য বাড়াতে একমত আফগানিস্তান-পাকিস্তান

 সীমান্ত উত্তেজনা কমিয়ে বাণিজ্য বাড়াতে একমত আফগানিস্তান-পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভূট্টো জারদারি এবং আফগানিস্তানের তালিবান নিয়োজিত পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকি রোববার ইসলামাবাদে আলোচনার মাধ্যমে প্রতিবেশী দুই দেশ এ ব্যাপারে একমত হন। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূট্টো জারদারি ও মুত্তাকি রোববার খোলা মনে গভীরভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে শান্তি ও নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষই ‘নিরবিচ্ছিন্ন এবং ব্যবহারিক সম্পৃক্ততার জন্য তাদের আকাংক্ষা পুনঃনিশ্চিত করেছে।’

আফগানিস্তান দূতাবাস সূত্রে বলা হয়েছে, মুত্তাকিসহ আফগান প্রতিনিধি ভূট্টো জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দূতাবাসের টুইটারে সোমবার বলা হয়েছে, তাদের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, পাকিস্তান-আফগানিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবহন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানে আফগান শরণার্থীদের বিষয়টিও আলোচনা করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, মুত্তাকি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন। এর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও ছিলো আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান নিরাপত্তা পদ্ধতির আলোকে সেটা আরো কতোটা উন্নত করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুনির ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থার সাধারণ চ্যালেঞ্জগুলিকে কার্যকরভাবে মোকাবিলা করতে’ বাড়তি সহযোগিতা চেয়েছেন মুত্তাকি।

এনবিএস/ওডে/সি