এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
বাখমুত থেকে পালিয়ে গেছে রুশ সেনারা:ওয়াগনার প্রধান
রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন অভিযোগ করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের বিধ্বস্ত বাখমুত শহরের কাছ থেকে সরে গেছে রুশ সেনারা। গত মঙ্গলবার তিনি একথা জানান।
প্রিগোজিন বলেন, ‘রণাঙ্গন আজ ভেঙে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট আমাদের পাশের তাদের অবস্থান থেকে আজ পালিয়েছে। তাদের সবাই পালিয়ে গেছে।’ এরআগে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন যে, অতি জরুরী অস্ত্রশস্ত্র না সরবরাহ করা হলে তিনি তার সেনাদের ১০ মে’র মধ্যে বাখমুত থেকে সরিয়ে নেবেন।
মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত ওই ভিডিও বার্তায় প্রিগোজিন আরো বলেন, কমান্ডারদের বোকামির কারণে রুশ সেনারা পালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, ‘শীর্ষ কমান্ডারের চরম বোকামির কারণে কোনো সেনার মরা উচিত নয়। কমান্ডারদের কাছ থেকে তারা যে নির্দেশনা পায় তা পুরোপুরি বেআইনি।’
প্রিগোজিনের এমন মন্তব্যের পর মঙ্গলবার দিনের শেষ দিকে একটি বিবৃতি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ‘অ্যাসাল্ট গ্রুপ বাখুমুতের পূর্ব দিকে লড়াই অব্যাহত রেখেছে।’ ওয়াগনারকেই মূলত অ্যাসাল্ট গ্রুপ হিসেবে অভিহিত করে থাকে মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, প্যারাট্রুপাররা ওয়াগনারকে সহায়তা করছে। কিন্তু বাখমুত থেকে নিজ সেনাদের সরিয়ে নেয়ার ব্যাপারে কিছু বলেনি মন্ত্রণালয়।
ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখুমতে ১০ মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে। এ লড়াইয়ে দুই পক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়েছে। কয়েকদিন আগে প্রিগোজিন জানান, পর্যাপ্ত অস্ত্র না পেলে নিজ সেনাদের নিয়ে সেখান থেকে সরে যাবেন তিনি।
রাশিয়ার বিজয় দিবসে শেয়ার করা বার্তায় প্রিগোজিন বলেন, সোমবার যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি নির্দেশ তিনি পেয়েছেন। এতে বলা হয়েছে, সরে আসার হুমকি যদি তিনি কার্যকর করেন তাহলে তাকে মাতৃভূমির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করা হবে। রুশ সামরিক নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও প্রিগোজিন কখনো রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেননি।
এনবিএস/ওডে/সি