এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দিলেন সার্জিও বুস্কেটস
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সোনালি যুগের শেষ সেনাপতি সার্জিও বুস্কেটস। ন্যু ক্যাম্পের দলটির বর্তমান অধিনায়ক হয়ে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। তবে আগামী মৌসুমেই তাকে আর দেখা যাবে না কাতালান জায়ান্টদের জার্সিতে। এ মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন সার্জিও বুস্কেটস। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন বুস্কেটস। চলতি জুনেই কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষে আর নতুন করে চুক্তি করবেন না তিনি।
এর আগে ফোর্বস.কম এর মাধ্যমে জানা যায়, শুধু লিওনেল মেসির সঙ্গে, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বস্কেুটসকেও আগামী মৌসুমে দলে নেওয়ার ব্যাপারে চুক্তি নিশ্চিত করে ফেলেছে আল হিলাল। এই দুই ফুটবলারের পেছনে সৌদি ক্লাবটির খরচ হবে ৬৬০ মিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা)। শুধু মেসির জন্যই সৌদি ক্লাবটি খরচ করবে ৫২২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় সাত হাজার কোটি টাকা)।
বুধবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বুস্কেটস বলেন, এটা সম্মান ও গর্বের যে আমি এই ক্লাবের ব্যাজ পরতে পেরেছি কিন্তু সবকিছুর শেষ আছে। এটা খুব সহজে নেওয়া সিদ্ধান্ত কিন্তু সময়টা এসে গেছে। তবে ক্লাব ছাড়ার আগে যে সব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী বুস্কেটস বার্সেলোনায় দীর্ঘ ১৮ বছর দাপটের সঙ্গে খেলেছেন বুস্কেটস। ২০০৫ সালে বার্সায় যোগ দেওয়ার পর দুই মৌসুম ক্লাবটির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেন বুস্কেটস। যখন বার্সেলোনা বি দলের কোচ হয়েছিলেন পেপ গার্দিওলা, সে সময় প্রথমবারের মতো তিনি বার্সার বি দলে সুযোগ পান এবং দলকে দ্বিতীয় বিভাগ লিগে তুলে আনেন।
এরপর ২০০৮ সালে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় তার। এরপর দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। গার্দিওলার অধীনে ২০০৯ সালে এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে বার্সেলোনা। এই কৃতিত্ব দেখানো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বুস্কেটস।
বার্সেলোনার মিডফিল্ডে স্বদেশি আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড ট্রায়োর সদস্য হয়েছিলেন বুস্কেটস। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন তিনি। এতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বুস্কেটস। মেসির বিদায়ের গত মৌসুমে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পান তিনি।
ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৩১টি শিরোপা জিতেছেন বুস্কেটস। যার মধ্যে ৮টি লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা রয়েছে তার অর্জনের ঝুলিতে। মর্যাদার এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বুস্কেটসেরই দখলে। ৪৮টি ক্লাসিকো ম্যাচে ২৩তিতেই জয় দেখেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
এনবিএস/ওডে/সি