এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
গাজা উপত্যকায় ফের ইসরায়েলি বিমান হামলা
দ্বিতীয় দিনের এই হামলায় নিহত হয়েছে ২ জন এবং আহত হয়েছে আরও ১ জন। এছাড়া বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েকদিন ধরে গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি অভিযান চলছে এবং সেখানে গত মঙ্গলবার দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ইসলামিক জিহাদ আন্দোলনের শীর্ষ নেতা জিহাদ আনাম ও তার স্ত্রীসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।
ভয়াবহ ওই হামলার পর ইসরাইলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যে কোন পদক্ষেপ কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। মূলত গাজায় ভয়াবহ সামরিক অভিযানের পর নতুন করে পাল্টা হামলার আশঙ্কায় এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।
এরপর গাজা থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়। সেই হামলার জবাবে বুধবার নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত গাজাজুড়ে বহু এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসলামিক জিহাদ মুভমেন্ট’র (পিআইজে) অবস্থান লক্ষ্য করে দ্বিতীয়দিনের মতো দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিরপরাধ মানুষ মরলেও নিশ্চুপ গোটা বিশ্ব। ভয়াবহ এ হামলার পর ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। ইসলামিক জিহাদ আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি নিরীহ বাসিন্দাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তারা। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর এ কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা।
এনবিএস/ওডে/সি