এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম
গ্রেপ্তার হলেন ইমরানের দলের ভাইস চেয়ারম্যান কুরেশি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ইসলামাবাদে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পিটিআই এক টুইটে একথা জানায়।
বৃহস্পতিবার(১১ মে) ভোরে কুরেশিকে তার গিলগিট-বাল্টিস্তান বাসভবন থেকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। পুলিশ জানায়, তাকে জনশৃঙ্খলা রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলেই কুরেশিকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়। তবে আজ ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
বুধবার রাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।
ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ডন জানায়, ইমরান খানের পর তাঁর দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর, ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী। এখন গ্রেপ্তার হলেন কুরেশি।
গ্রেপ্তারের আগে এক বার্তায় কুরেশি দেশের সত্যিকার স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে পিটিআই কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার কোন অনুশোচনা নেই। কারণ তিনি কোন অন্যায় করেননি। বার্তায় তিনি ইমরান খানের গ্রেপ্তারের পর অর্ধশতাধিক মানুষের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।
এনবিএস/ওডে/সি