ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আদালতের রায়ে ক্ষুব্ধ শেহবাজ শরীফের দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ১২:০৫ পিএম

আদালতের রায়ে ক্ষুব্ধ শেহবাজ শরীফের দল

 আদালতের রায়ে ক্ষুব্ধ শেহবাজ শরীফের দল

ইমরান খানের গ্রেপ্তার অবৈধ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করে নিয়ে যান আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। এ দিন তাকে আদালত চত্বর থেকে অনেকটা টেনে-হিচড়ে নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়  দেয় যে, আদালত থেকে ইমরানকে গ্রেপ্তার করার বিষয়টি ‘অবৈধ।’ প্রধান বিচারপতির এমন রায়ের পর ইমরানের দল তেহরিক ই-ইনসাফের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করলেও  ক্ষুব্ধ হয়েছেন বর্তমান ক্ষমতাসীন পিএমএল-এন সদস্য ও সরকারের মন্ত্রীরা।

কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় পিএমএল-এন এর শীর্ষ সংগঠক মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করেছেন। তিনি উমরকে প্রধান বিচারপতির পদ ছেড়ে ইমরানের দল তেহরিক ই-ইনসাফে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘প্রধান বিচারপতি একজন ফিতনার ঢাল হিসেবে কাজ করছেন এবং আগুনে ঘি ঢালছেন। আপনার প্রধান বিচারপতি পদ ছেড়ে পিটিআইয়ে যোগ দেওয়া উচিত, যেমনটি করেছেন আপনার শাশুড়ি।’

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও প্রধান বিচারপতিকে কটাক্ষ করে টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘২০১৮-২২ সাল পর্যন্তও যদি এই সুপ্রিম কোর্ট থাকত’। এই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তার আমলে দুর্নীতির অভিযোগে অনেক বিরোধী দলীয় নেতাকে আটক করা হয়। এ বিষয়টিকেই ইঙ্গিত করেছেন পরিকল্পনামন্ত্রী আহসান।  

অপরদিকে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়ম আওরেঙ্গজেব বলেছেন, যারা দেশকে জ্বালাচ্ছে- পোড়াচ্ছে তাদের পক্ষ নিয়েছে আদালত। পিএমএল-এন নেত্রী হিনা পারভেজ বাট টুইটারে লিখেছেন, ‘যে ব্যক্তি দেশের অবকাঠামো ও কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন, তাকে সুপ্রিম কোর্টের অতিথি করা হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়।’

এনবিএস/ওডে/সি