ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন দাবি কংগ্রেসের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন দাবি কংগ্রেসের

 সহিংসতা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন দাবি কংগ্রেসের

ভারতের প্রধান বিরোধীদল দল কংগ্রেস অভিযোগ করেছে যে মনিপুরের সহিংসতা পূর্ব পরিকল্পিত ঘটনা। দলটি রাজ্যটিতে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিযে আনতে অবিলম্বে রাষ্ট্রপতির শাসন জারির দাবি জানিয়েছে।

মণিপুর অব্যাহত সহিংসতায় গত বৃহস্পতিবার কুকি জঙ্গিদের গুলিতে এক পুলিশ কমান্ডো নিহত ও কয়েক জন আহত হয়েছে। এর ফলে সরকারিভাবেই নিহতের সংখ্যা দাঁড়াল ৬৭।

এ পরিস্থিতিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন কংগ্রেসের মণিপুর, মিজোরাম ও বিহারের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতা ভক্ত চরণ দাস। তিনি দিল্লিতে বলেন, মণিপুরে পুরোপুরি অরাজকতা চলছে। রাজ্যের প্রকৃত ছবি যাতে বাইরে আসতে না পারে, তার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ভক্তচরণ প্রশ্ন তোলেন, এত বড়  সহিংসতার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখনও মণিপুরে আসেননি?

কংগ্রেসের পক্ষে অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরছাড়াদের নিরাপত্তা ও ঘরে ফেরানোর মতো সুরক্ষিত পরিবেশ তৈরি করা, নিহতদের পরিবারের জন্য ২০ লাখ ও ঘর পোড়া পরিবারগুলোর জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘকালীন পুনর্বাসন প্যাকেজের দাবি জানিয়েছে।

এ পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করে কংগ্রেস নেতা ভক্তচরণ বলেন, ভোটে জেতার জন্য বিজেপি হিল এরিয়া কমিটির হাতে বেশি ক্ষমতা প্রদান, ৬টি স্বশাসিত জেলা পরিষদ তৈরি করা ও মেইতেইদের জনজাতিকরণে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু জেতার পরে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি পূরণের চেষ্টা করেনি। হঠাৎ ৩৮টি গ্রামে উচ্ছেদ চালিয়ে বিজেপি সরকার অশান্তির আগুন জ্বালিয়েছে।

এনবিএস/ওডে/সি