ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান ইস্যুতে পাকিস্তানের বিচার বিভাগ ও সরকার মুখোমুখি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

ইমরান ইস্যুতে পাকিস্তানের বিচার বিভাগ ও সরকার মুখোমুখি

ইমরান ইস্যুতে পাকিস্তানের বিচার বিভাগ ও সরকার মুখোমুখি

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে শুক্রবার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট। একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইমরানকে গ্রেপ্তার করা হলে দেশে অস্থিরতা দেখা দিতে পারে। 

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক দুই বিচারপতির ‘স্পেশাল ডিভিশন বেঞ্চ’ গঠন করে ইমরান খানের আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি করেন। দুই বিচারপতি হলেন বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ। 

পক্ষান্তরে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বৃহস্পতিবার পাকিস্তানের দুনিয়া টিভিকে বলেছেন, ইমরান খানকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও আমরা তাকে আবার গ্রেপ্তার করব। শুক্রবার তিনি যদি হাইকোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য আবেদন করব এবং তাকে আবার গ্রেপ্তার করব।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের শুনানিকে কেন্দ্র করে ইসলামাবাদে পিটিআইয়ের কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। তাদের আটকাতে পাকিস্তান পুলিশ রাজধানীতে জরুরি অবস্থাও ঘোষণা করে। 

ডন ও জিওটিভির অপর প্রতিবেদনে বলা হয়েছে, আদালত কক্ষে যখন ইমরানকে শ্লোগান শুরু হয়, তখন বিচারপতিরা কোর্টরুম ত্যাগ করেন। পরে অবশ্য বলা হয়, শুক্রবারের জুমার নামাজের জন্য কোর্ট মুলতবি করা হয়েছে। নামাজ শেষ হওয়ার পর আবার শুনানি শুরু হয়। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে নিয়ে যে রায় দিয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তানের ক্ষমতাসীন দল। মরিয়ম নেওয়াজ বলেছেন, প্রধান বিচারপতির উচিত ইমরানের দলে যোগ দেওয়া। প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে মন্ত্রিপরিষদের বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, ইমরান খান পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছেন। 

আদালতের রায় এবং সরকারের এই মনোভাব থেকে স্পষ্টতই বুঝা যাচ্ছে, ইমরান খানকে কেন্দ্র করে বিচার বিভাগ ও সরকার প্রায়ই মুখোমুখি হয়ে পড়েছে। শেহবাজ সরকার আগে থেকেই বিচার বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেছেন। তিনি চান বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে আনতে। 

সুপ্রিম কোর্টের বৃস্পতিবারের নির্দেশে ইমরান খানকে রাখা হয় ইসলামাবাদ পুলিশ লাইনস গেস্ট হাউজে। আদালতের নির্দেশে বলা হয়, তিনি কথা বলতে পারবেন। তার সঙ্গে আসামিসুলভ আচরণ করা যাবে না। গেস্ট হাউজে অবস্থানকালে তার সঙ্গে প্রেসিডেন্ট আরিফ আলভী ছাড়াও গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ, ব্যক্তিগত চিকিৎসক এবং আইনজীবীরা  সহ ১০ জন সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট আরিফ আলভি তার সঙ্গে দুই ঘন্টা কথা বলেন। 

এনবিএস/ওডে/সি