এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজের পর এবার টি- টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা।
শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে বিসমি গুনারতনে ২ রান করে আউট হলেও মারকুটে ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন চামারি আথাপাথথু। তবে ইনিংস বড় করতে পারেননি চামারি। ২৩ বলে ৩২ রান করে সাঁজ ঘরে ফেরেন তিনি। এরপর হারশাথিয়া ও নিলাকশি ডি সিলভা মিলে টাইগ্রেস বোলারদের টেক্কা দিয়ে রান তুলতে থাকেন। হারশাথিয়া ৪২ বলে ৫১ রানের এবং নিলাকশির ৩৯ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫৮ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কান মেয়েরা।
১৫৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শেষ হয় রুবাইয়া হাইদারের ইনিংস। ৩ বলে শূন্য রান করে আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন রুবাইয়া। ২০ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন ফারজানা। ৩২ রানের দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মোস্তারিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু ২৫ বলে ৩০ রান করে মোস্তারি আউট হলে দিশেহারা হয়ে পড়েb নিগাররা।
এরপর উইকেট মিছিলে যোগ দেন বাংলাদেশের মেয়েরা। তবে ওপর প্রান্তে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন নিগার। যখন দলের প্রয়োজন ৫ ওভারে ৭৭ রান এমন সময় ৩৩ বলে ৩১ রান করে নিগার বোল্ট আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের দল। ফাহিমা খাতুন (৯) এবং রাবেয়া (১) রানে অপরাজিত থেকে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশ। এতে ৪৪ রানের জয় পায় লঙ্কান মেয়েরা।
লঙ্কানদের হয়ে প্রাবোধানি, কাভিনদি ও ইনোকা দুইটি উইকেট শিকার করেন। সুগান্ধিকা এক উইকেট শিকার করেন।
এনবিএস/ওডে/সি