এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
জার্মানির মার্সিডিজ বেঞ্জ কারখানায় গুলিতে নিহত ২
দেশটির দক্ষিণ-পশ্চিমের সিন্ডেলফিনজেনে অবস্থিত মার্সিডিজ-বেঞ্জ কারখানায় গোলাগুলির এ ঘটনায় ৫৩ বছর বয়সী এক তুর্কি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে মারা যান। বিবিসি, রয়টার্স
স্টাটগার্টের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জার্মানির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে এ হামলার বিষয়ে জানতে পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্তকে আটক করে কোম্পানির নিরাপত্তাকর্মীরা। এসময় ঘটনাটি শহরের ১৭ কিমি (১০ দশমিক ৬ মাইল) দক্ষিণ পশ্চিমে সংঘঠিত হয়। পরে হামলার ঘটনায় আটক ওই তুর্কি নাগরিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে ঘটনায় নিহত দুইজনের বয়স ৪৪ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানায়নি প্রশাসন।
মার্সিডিজ-বেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আমরা গভীর মর্মাহত। একইসঙ্গে সাইটে থাকা সকল কর্মীর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটি।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র বরাতে এপি জানিয়েছে, ঘটনায় জড়িত তিন ব্যক্তি বহিরাগত পরিষেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। তারা লজিস্টিক কোম্পানি রেনাসের হয়ে কাজ করত।
উল্লেখ্য, সিন্ডেলফিনজেনে মার্সিডিজের কারখানাটিতে ৩৫ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন। এখানে ই-ক্লাস এবং এস-ক্লাস বিলাসবহুল সেডান ও সিএলএস এবং জিএলসি কুপ মডেলের গাড়িগুলো উৎপাদিত হয়ে থাকে।
এনবিএস/ওডে/সি