ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শেখ রাসেলের বিপক্ষে শেখ জামালের গোলশূন্য ড্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ০৯:০৫ পিএম

শেখ রাসেলের বিপক্ষে শেখ জামালের গোলশূন্য ড্র

 শেখ রাসেলের বিপক্ষে শেখ জামালের গোলশূন্য ড্র

জিতলেই পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানেই থাকলো তারা। শুক্রবার (১২ মে) পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলশূন্য ড্র করেছে শেখ জামাল।

১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শেখ জামাল। অন্যদিকে জামালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো শেখ রাসেল।

এদিন শেখ রাসেলের হয়ে মাঠের বাইরে ছিলেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, এমফন উদো এবং চার্লস দিদিয়ের। কার্ডের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন জামাল এবং চার্লস। ইনজুরির কারণে দলে ছিলেন না এমফন। দলের সেরা তিন তারকা না থাকায় মাঠের পারফরম্যান্সে এই প্রভাব পড়েছে। ম্যাচের চতুর্থ মিনিটে দারুন এক গোলের সুযোগ তৈরি করে রাসেল। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন ফরোয়ার্ড সুজন বিশ্বাস। কেনেথ ইকেচুকুর কাটব্যাকে ছয় গজ বক্সের ভেতরে পা ছোঁয়াতে পারেননি। পাঁচ মিনিটের মধ্যেই আক্রমণে যায় জামাল। কৌশিক বড়ুয়ার পাস বক্সের ভেতর সোলাইমান সিল্লাহ পাওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন আবিদ আহমেদ। ২৫ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে শেখ জামাল। ওতাবেকের লম্বা ক্রস ধরে বক্সে ঢুকে পড়া স্টুয়ার্ট কর্নেলিয়াসের কোনাকুনি গতির শট ঝাঁপিয়ে ফেরান আশরাফুল ইসলাম রানা। প্রথমার্ধে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে কোনো দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ৭৮ মিনিটে বক্সের কোণ থেকে নেওয়া কর্নেলিয়াসের গতির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন রাসেলের অভিজ্ঞ গোলরক্ষক। শেষ দিকে নিহাত জামান আরও একটি সুযোগ নষ্ট করলে ড্র নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।

এনবিএস/ওডে/সি