এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
বাংলাদেশ ৪১১ ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছে ১৫০
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ১৫০তম জয় পেয়েছে বাংলাদেশ। নতুন এই মাইলফলক স্পর্শ করতে অবশ্য বেশ সময় লম্বা সময় লেগেছে বাংলাদেশের। ৪১১ ম্যাচে অংশ নিয়ে ১৫০ ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতেই সুযোগ ছিল ১৫০তম জয় তুলে নেয়ার। তবে বৃষ্টির কারণে অপেক্ষা দীর্ঘায়িত হয় টাইগারদের। অবশেষে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের মধ্য দিয়ে নতুন এই মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ।
এখন অবধি ৪১১ ম্যাচ খেলে ১৫০ জয়ের বিপরীতে ২৫২ ম্যাচে হেরেছে বাংলাদেশ আর ফলাফল আসেনি ৯ ম্যাচে। প্রথম ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশ অপেক্ষা করতে হয় এক যুগেরও বেশি সময়। প্রথম ম্যাচ খেলার ১২ বছর পর ১৯৯৮ সালে কেনিয়াকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের প্রথম জয় পায় বাংলাদেশ। প্রথম ১০০ ওয়ানডে ম্যাচের মধ্যে কেবল ৬টিতে জিততে পেরেছিল টাইগাররা।
বাংলাদেশ নিজেদের ৫০তম জয় পায় ২০৬ ম্যাচে। ২০০৯ সালের পর থেকে বাংলাদেশের জয়ের হার বেড়েছে ব্যাপক হারে। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানকে হারিয়ে শততম ওয়ানডে জয়ের দেখা পায় বাংলাদেশ। আর গত ১২ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে এলো ১৫০তম ওয়ানডে জয়। ১০০ থেকে ১৫০ জয়ে লেগেছে ৯৬ ম্যাচ।
১৫০ জয়ের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ৫১ বার জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তৃতীয় সর্বোচ্চ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে ৯ জয়, কেনিয়ার বিপক্ষে ৮, আফগানিস্তান ও ভারতের বিপক্ষে সমান ৭ টি করে জয়।
এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৬ ম্যাচে, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে এসেছে ৫টি করে জয়। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সংখ্যাটা ৪, বারমুডার বিপক্ষে ২। এছাড়া ১টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
এনবিএস/ওডে/সি