ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’, স্কাইনিউজকে ইমরান খান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’, স্কাইনিউজকে ইমরান খান

 পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’, স্কাইনিউজকে ইমরান খান

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে পিটিআই প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশে বর্তমান গণতন্ত্রের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাকিস্তানে এখন গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে। জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আদালতকে দেশের ‘একমাত্র ভরসা’ হিসেবে অভিহিত করে ইমরান বলেন, কেবল বিচার বিভাগেই তার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। আমাদের একমাত্র আশা বিচার বিভাগ।

পিটিআই নেতা সম্প্রতি তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর নিজের কষ্টদায়ক অভিজ্ঞতাও বর্ণনা করে বলেন, একটি অভিযানের সময় কর্তৃপক্ষ তার স্ত্রীর উপস্থিতিতে তার বাড়ির দরজা জোরপূর্বক ভেঙে ফেলেছিল এবং এটি আমার জন্য একটি ‘অভূতপূর্ব এবং অস্থির পরিস্থিতি’। আমার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। এত বিশাল সংখ্যক মামলা এর আগে দেশের অন্য কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের করা হয়নি।

পাকিস্তানের বর্তমান সরকার নির্বাচনে ভয় পাচ্ছে এ অভিযোগ তুলে ইমরান খান বলেন, তারা বিশ্বাস করে যে, নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরাজয়ের মুখে পড়বে তারা। ইমরান বলেন, ‘সরকার নির্বাচনের ভয়ে ভীত এবং তারা নির্বাচনে পিটিআইয়ের মাধ্যমে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা করছে।’
ইমরান খান বলেন, সরকার নির্বাচনে ভীত বলে আমাকে হত্যা বা কারাগারে আটকে রেখে নির্বাচন দিতে চায়। ইমরান সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার নিন্দা জানান।  

এদিকে বিক্ষুব্ধ প্রতিবাদের কারণে ইমরানের রাজনৈতিক দল পিটিআই’এর ৬৩ জন কর্মীকে করাচিতে জামিন মুক্তি দেওয়া হলেও আটক আরো ২২ জনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ২২ জনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া মুক্তিপ্রাপ্ত পিটিআই কর্মীদের ৫৪ জনের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা বন্ড আদায় করা হয়েছে।

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের কঠোর সমালোচনা করে বলেছেন, ইমরান খানকে তিনি সন্মানজনকভাবে স্বাগত জানিয়েছেন কিন্তু তার বিরুদ্ধে ৬০ বিলিয়ন টাকা চুরির অভিযোগ রয়েছে। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান একজন নোংরা ব্যবসায়ী হিসাবে বেরিয়ে এসেছেন।

এনবিএস/ওডে/সি