এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ মে, ২০২৩, ০২:০৫ পিএম
নিউজিল্যান্ডের একটি হোস্টেলে আগুনে নিহত ৬, নিখোঁজ ৩০
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিঙ্গটনের একটি চারতলা হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ওয়েলিংটনের ৪তলা লোফারস লজ হোস্টেলে আগুন লাগার পর জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। এসময় কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়। তবে পুলিশ বলেছে, এখনও অনেক লোক নিখোঁজ রয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস সকালে এক সতর্কতায় আর বহু লোক নিখোঁজের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, ভবনটি নিরাপদ নয় বলে পুলিশের পক্ষে ভেতরে প্রবেশ সম্ভব নয়। এতে করে নিহতের প্রকৃত সংখ্যা জানতে আরো কিছু সময় লাগতে পারে ।
প্রধানমন্ত্রী এটিকে অত্যন্ত হৃদয় বিদারক বলে অভিহিত করে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান।
এদিকে আহত ছয়জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও ১৫ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। হোস্টেলটিতে ৯২ টি কক্ষ ছিল বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা ভবনের ওপরের দিকে আগুন দেখতে পান। পরে ভোর চারটা নাগাদ ২০টি ফায়ার ট্রাকের সহায়তায় ৮০ জন কর্মী আগুন নিভাতে কাজ শুরু করেন।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ওয়েলিংটনের ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন।
নিক পাইট বলেন, বিল্ডিংটিতে অ্যাসবেস্টস থাকায় বাসিন্দাদের মাস্ক পরতে এবং ধোঁয়ায় শ্বাস নেওয়া এড়াতে নিজেদের জানালা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আগুন ইচ্ছাকৃতভাবে জ্বালানো হয়েছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।
লোফার্জ হোস্টেলের একজন বাসিন্দা তালা সিলি জানান, আমরা রুমের দরজার নিচ থেকে ধোঁয়া দেখতে পেয়ে দরজা খোলার সঙ্গেই দেখি পুরো ফ্লোরে আগুনের প্রকাণ্ডতা। আমি জানালা দিয়ে লাফ দেওয়ার কথাও একবার ভেবেছিলাম। বিষয়টি খুব ভয়াবহ ছিল। ফায়ার এন্ড ইমারজেন্সি নিউজিল্যান্ড (ফেনজ) জানিয়েছে, তারা ঘটনাস্থলে যখন পৌছান তখনও আগুনের তীব্রতা ততটা ছিল না। পুলিশ বলছে নিহতের সংখ্যা ১০ ছাড়াতে পারে। তবে মৃতের সংখ্যা আরো বারতে পারে আশংকা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এনবিএস/ওডে/সি