এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
নির্বাচনকে কেন্দ্র করে ভিড় জমেছে ব্যাডমিন্টন ফেডারেশনে
ব্যাডমিন্টন কোর্টে খেলা নিয়ে খুব একটা উত্তাপ দেখা যায় না। দায়িত্বরত ব্যক্তি ছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে বাকিদের উপস্থিতি খুবই কম। তবে ব্যাডমিন্টন ফেডারেশনের চেয়ারে বসার জন্য ঠিকই দৌড়ঝাঁপ করতে দেখা যায় অনেককে। ২২ মে ব্যাডমিন্টনের ২৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েক দিন ধরেই উত্তাপ ব্যাডমিন্টনে।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তারকা শাটলার এবং ক্রীড়া সংগঠকরা। এবারের লড়াইটা মূলত হতে যাচ্ছে সাবেক খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠকদের। জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক শাটলার জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১টি এবং ফোরাম নিয়েছে ২৭টি মনোনয়নপত্র। সভাপতি ছাড়া ব্যাডমিন্টনে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক দুটি, কোষাধ্যক্ষ, সহসভাপতি চারটি এবং নির্বাহী সদস্য ১৬টি পদ রয়েছে। একটি সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জোবায়েদুর রহমান রানা, আমির হোসেন বাহার ও আলমগীর হোসেন। এ তিনজন আবার সহসভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক একক প্যানেল করার চেষ্টা করে। সে জন্য সাবেক শাটলারদের নিয়ে দফায় দফায় মিটিংও করেন ফোরামের নেতারা। কিন্তু দু’পক্ষই নিজেদের অবস্থানে অনঢ় থাকায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করে ব্যাডমিন্টনে।
তবে গুঞ্জন উঠেছে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আগে দু’পক্ষই সমঝোতার চেষ্টা করবে। সে ক্ষেত্রে এমনও হতে পারে নির্বাচনের বদলে সমঝোতার কমিটি হবে। তবে গতকাল পর্যন্ত কারোরই ছাড় দেওয়ার মানসিকতা দেখা যায়নি।
জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার ইসমাইল যথাক্রমে সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য প্রার্থী। এদের সবারই ক্রীড়াঙ্গনে পরিচিতি আছে। তাদের প্রতিপক্ষ যে প্যানেল, প্যানেলে সেই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নামকরা ক্রীড়াবিদ সে অর্থে নেই। তার পরও তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। কারণ ৯৮ ভোটের মধ্যে ৬৯টি জেলা ও বিভাগের। যে কারণে ব্যাডমিন্টনের নির্বাচনে জয়ের ব্যাপারে ফোরাম বেশ আশাবাদী। অন্যদিকে জোবায়েদুর রহমান প্যানেলের প্রার্থীরা মনে করেন ব্যালটে সব পাল্টে যাবে।
এনবিএস/ওডে/সি