এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
মাহমুদুল্লাহকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে: আকরাম খান
দেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগারদের অনেক জয়েই জাতীয় দলের জার্সিতে তার অবদান অবিস্মরণীয়। ঘরের মাঠে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এ সময় দলের অভিজ্ঞ এ ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তাকে ছাড়া দল সিরিজ জিতলেও তার ব্যাটিং পজিশনে ফিনিশার খ্যাত জায়গাটায় পারফরম্যান্স একদমই দুর্বল। দুটো সিরিজেই এ পজিশনে পুরোদমে ব্যর্থতায় ভেসেছে টাইগাররা। বিশ্বকাপে কে এই পজিশনে খেলবে তার জন্য গত কয়েকটি সিরিজে পরীক্ষা চালায় বিসিবি।
এদিকে সবশেষ ২০২১ সালে টেস্টে খেলেছেন রিয়াদ। এমনকি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও স্কোয়াড থেকে বাদ পড়েন মিডল-অর্ডার এ ব্যাটার। জাতীয় দলের রাডারে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই দলের বাইরে রিয়াদ।
তবে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ও বিসিবি বস নাজমুল হাসান পাপনের সবশেষ প্রতিক্রিয়ায় আশা দেখাচ্ছে মাহমুদউল্লাহ ভক্তদের। তাদের দাবি, বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ এ ক্রিকেটার থাকবেন। এবার রিয়াদ প্রসঙ্গে একটু ভিন্নতা পোষণ করলেন বিসিবি পরিচালক আকরাম খান।
তিনি বলেন, অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বকাপের তিন বা চার বছর আগে থেকে পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সেটা কিন্তু টিমের জন্য ভালো। কিন্তু আপনি যদি একদম শেষ মুহূর্তে এসে এটা করেন, তবে তা আপনার জন্য অনেক খারাপ হবে। এভাবে আমরা আগে অনেকবার অনেক খারাপ করেছি।
তিনি আরো বলেন, আর রিয়াদকে শুধু গত পাঁচ বা ছয়টা ম্যাচ দিয়ে মূল্যায়ন করলে ভুল হবে। কারণ, রিয়াদ এমন একজন খেলোয়াড় যে গত দশ বছর বাংলাদেশ দলের জন্য চমৎকার খেলে আসছে। তার অভিজ্ঞতা জিনিসটা আছে।
এনবিএস/ওডে/সি