ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মৃত্যুর পরেও নির্বাচনে জিতলেন এক নারী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ মে, ২০২৩, ০১:০৫ পিএম

মৃত্যুর পরেও নির্বাচনে জিতলেন এক নারী

 মৃত্যুর পরেও নির্বাচনে জিতলেন এক নারী

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ভারতের একজন নারী উত্তর প্রদেশের স্থানীয় একটি নির্বাচনে জয়লাভ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তার সমর্থকেরা নির্বাচনে তাকে ভোট দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বাই নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার এই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়া বাইকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৩০ বছর বয়সী জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময় ফুসফুস এবং পেটে তীব্র সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্বাচনের মাত্র ১২ দিন আগে মারা যান আশিয়া বি। আশিয়া বাইয়ের মারা যাওয়ার তথ্য নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েছিলেন তার স্বামী। মঙ্গলবার বিজনোর জেলার কর্মকর্তা ভগবান শরণ এএফপিকে বলেছেন, ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো উপায় ছিল না।

‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে, তা আর স্থগিত বা বন্ধ করা যায় না’, বলেন শরণ। নির্বাচনের আগে মারা যাওয়ায় ভোটাররা আশিয়া বিকে ভোটদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেন। অনেক ভোটার যেকোনও মূল্যে তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিজনোর জেলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির দেশটির টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আশিয়া সহজেই মানুষকে বন্ধু বানাতেন। লোকজন তাকে সমর্থন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভেঙে ফেলতে চায়নি এবং ফলাফলও তাই হয়েছে।’

আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি বলেন, বি ‘তার শান্ত স্বভাবের কল্যাণে মানুষের মন জয়’ করেছেন। বিজনোরের ভোটার আরিফ বলেন, ‘আমাদের এই ভোট তার প্রতি শ্রদ্ধা।’

এনবিএস/ওডে/সি