ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার

 সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার

‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০০৮ সালে। তবে আইপিএল খেলা চালিয়ে গেছেন ২০১২ সাল পর্যন্ত। এরপর ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। মোটকথা, ক্রিকেটের সঙ্গেই আছেন কলকাতার বাঙালি বাবু। এর মধ্যেই খবর এসেছে সৌরভের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এতদিন ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সৌরভ। তবে এখন থেকে জেড’ ক্যাটাগরির নিরপত্তা পাবেন তিনি। এই ব্যবস্থায় তার বাড়িতে সার্বক্ষণিক দু’জন নিরাপত্তারক্ষী থাকবেন। বিশেষ গাড়ির ব্যবস্থাও রাখা হবে। সৌরভ যেখানে যাবেন, নিরাপত্তার জন্য গাড়িটিও সঙ্গে যাবে। এরই মধ্যে সৌরভের বাড়ি পর্যবেক্ষণ করে এসেছেন ঠাকুরপুকুর থানার স্পেশ্যাল ব্রাঞ্চের সদস্যরা।

প্রশাসনির পর্যায়ে আলোচনার পরই নিরাপত্তা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, সৌরভের ওপর হামলার কোনো শঙ্কা আছে কি না সেটা স্পস্ট করেনি পুলিশ।

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছেন সৌরভ। এবারের আইপিএলে দিল্লির পারফরম্যান্স একদমই ভালো নয়। ১২ ম্যাচে ডেভিড ওয়ার্নারদের ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট। দিল্লির হাতে রয়েছে আর দুইটি ম্যাচ। ২০ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযানের সমাপ্তি ঘটাবে রিকি পন্টিংয়ের দল।

জি নিউজ জানায়, এরপরই কলকাতায় আসবেন সৌরভ। তখন থেকেই নতুন  জেড’ ক্যাটাগরির নিরাপত্তা চালু হবে।

এনবিএস/ওডে/সি