ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে উত্তেজনা বাড়ছে 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

পাকিস্তানে উত্তেজনা বাড়ছে 

পাকিস্তানে উত্তেজনা বাড়ছে 

আদালতের অনুমতি থাকলেও ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) বাধার মুখে জামান পার্কে তল্লাশি চালানো সম্ভব হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে ৩০-৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে, এই অভিযোগ এনে সার্চ ওয়ারেন্ট বের করে পুলিশ। তবে শুক্রবার গভীর রাত পর্যন্ত তারা সফল হয়নি। 

উদ্বেগ ও উৎকণ্ঠায় সকলের চোখ এখন পাঞ্জাবের দিকে। ইতোমধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান তিনটি মামলায় লাহোরের দুর্নীতি দমন আদালত থেকে জামিন পেয়েছেন। এদিকে পিটিআই দলের ৭২ জন এমএনএ’র যে পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেছেন, তা বাতিল ঘোষণা করেছে লাহোর হাইকোর্ট। এই এমএনএদের মধ্যে রয়েছেন পিটিআইর শীর্ষ স্থানীয় নেতা ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার এবং শাহ মেহমুদ কোরেইশী। এর মানে পিটিআই আবারও পার্লামেন্টে ফিরে আসছে।

এভাবে দ্রুত বদলাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পট। ইমরান খানের বাড়ি যখন পুলিশের ঘেরাওয়ের মধ্যে, তখনো পিটিআই সমর্থকদের কোনো সাড়া পাওয়া যায়নি। তারা হয়তো দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশী লাহোর হাইকোর্ট থেকে মুচলেকা দেওয়ার শর্তে জামিন পেলেও তিনি কোনো প্রকার মুচলেকা দিতে চাইছেন না। এজন্য তার মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। 

মাত্র এক সপ্তাহ বিবিসির এক প্রতিবেদনে পাকিস্তানের একটা চিত্র তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের এতোটা খারাপ পরিস্থিতি এর আগে হয়নি কখনোই। অর্থনীতি ধ্বংসের মুখে, পুরো সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত, লাখো মানুষ গত বছরের ভয়াবহ বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি, সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে, মূল্যস্ফীতি চূড়ায় ঠেকেছে, নিজের ও সন্তানের খাওয়া-পরা যোগাতেই হিমশিম খাচ্ছে অনেকে। দেশের যখন এই অবস্থা তখন পাকিস্তানকে কে চালাবে এমন লড়াইয়ে মত্ত দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনীতিবিদরা। কিন্তু নানা আলোচনা, এক পক্ষকে আরেক পক্ষের হুঁশিয়ারি, এমনকি রাস্তায় মুখোমুখি হবার পরও পাকিস্তান যেনো এর কোন উত্তর খুঁজে পাচ্ছে না, বরং এক বছর আগে যেখানে ছিল, আজও যেন সেখানে। 

ক্ষমতার দ্বন্দ্ব এখন প্রকাশ পাচ্ছে নানা অভিব্যক্তিতে। প্রশাসন এবং ইমরান খানকে কেন্দ্র আবর্তিত হচ্ছে পাকিস্তানের সামগ্রিক রাজনীতি। এই ইস্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীও সামনে চলে এসেছেন। তিনি ইমরান খানকে সহিংসতার নিন্দা জানানোর পরামর্শ দিয়েছেন। ইমরান খান সেনা কর্মকর্তার বাড়িতে হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এনবিএস/ওডে/সি