এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ মে, ২০২৩, ১২:০৫ পিএম
পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা বাচিঁয়ে রাখলো রাজস্থান
বারবার ঘুরে যাওয়া এবং নাটকীয়তায় ভরপুর একটি ম্যাচ দেখলেন আইপিএল ভক্তরা। যেখানে আরাধ্য জয়টি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল পরের পর্বে ওঠার জন্য। তবে ভাগ্য সহায় হয়েছে রাজস্থানের জন্য। দলটি পেয়েছে ৪ উইকেটের জয়।
শুক্রবার (১৯ মে) রাত ৮টায় মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে পাঞ্জাব। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। তাদের জয়ে চলতি আইপিএল থেকে বিদায় নিতে হলো পাঞ্জাব কিংসকে।
লিগ পর্বের সবকটি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রাজস্থান (০.১৪৮)। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (০.১৮০) ও ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (-০.১২৮)। রাজস্থানের প্লে-অফে খেলার আশা টিকে থাকলেও ভিতটা এখনো নড়বড়ে। ব্যাঙ্গালোর ও মুম্বাই নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেই শেষ চারে নাম লেখাবে সাঞ্জু স্যামসনের দল।
গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন দেবদত্ত পাড়িক্কাল। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি ৩৬ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন। আর মিডল অর্ডারে শিমরন হেটমায়ারের ৪৬ রান জয়ের পথকে সহজ করে। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন কাগিসো রাবাদা।
প্রথম ইনিংসে পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন স্যাম কারান। ৩১ বল থেকে ৪টি চার ও ২টি ছক্কা মেরে অপরাজিত এই রান করেন তিনি। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নবদীপ সাইনি।
এনবিএস/ওডে/সি