ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিএনএনকে এরদোগান পুতিনের সঙ্গে তুরস্কের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

সিএনএনকে এরদোগান পুতিনের সঙ্গে তুরস্কের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে

সিএনএনকে এরদোগান পুতিনের সঙ্গে তুরস্কের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সম্পর্ক বেশ ভালো। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদারে আঙ্কারার ওপর চাপ বাড়ালেও  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের একটি ‘বিশেষ’ এবং ক্রমবর্ধমান সম্পর্ক রয়েছে। 

সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এ কথা বলেছেন। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে গড়ানো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, ‘পশ্চিমারা যেভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেভাবে নিষেধাজ্ঞা আরোপের মতো অবস্থায় আমরা নেই। পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা মানতে আমরা বাধ্য নই।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি শক্তিশালী দেশ। রাশিয়ার সঙ্গে আমাদের একটি ইতিবাচক সম্পর্ক রয়েছে। সম্ভব সব ক্ষেত্রে রাশিয়া ও তুরস্কের পরস্পরকে প্রয়োজন।’

গত রোববার তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে নিয়ম অনুযায়ী সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ২৮ মে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে।

দ্বিতীয় ধাপে গড়ানো ভোটে এগিয়ে আছেন এরদোগান। পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার সঙ্গে কূটনীতিসহ পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়ে তিনি ও তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলুর ভিন্ন অবস্থান রয়েছে। পশ্চিমাদের সঙ্গে চলা টানাপোড়েনের সম্পর্ক মেরামতের ঘোষণা দিয়েছেন কিলিচদারওলু।

প্রথমবারের মতো এরদোগানের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা কিলিচদারওলু বলেন, পুতিনের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত পছন্দ থেকে গড়ে তোলা সম্পর্কের অনুসরণ করবেন না, এর পরিবর্তে মস্কোর সঙ্গে রাষ্ট্র-নির্ধারিত সম্পর্ক গড়ে তুলবেন তিনি। 

এনবিএস/ওডে/সি