ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কাউন্টিতে অভিষেক ম্যাচেই বাজিমাত বাংলাদেশি আরাফাতের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

কাউন্টিতে অভিষেক ম্যাচেই বাজিমাত বাংলাদেশি আরাফাতের

 কাউন্টিতে অভিষেক ম্যাচেই বাজিমাত বাংলাদেশি আরাফাতের

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডের নাগরিক আরাফাত ভূঁইয়া। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন আরাফাত। কেন্টের হয়ে সারের বিপক্ষে অভিষেকেই ৪ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে কেন্টের হয়ে এটি সেরা বোলিং।

২৬ বছর বয়সী আরাফাত কেন্টের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সারেন গত বুধবার। পরদিনই কেনিংটন ওভালে সারের বিপক্ষে তার অভিষেক হয়। প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ এলে ২ রান করেন এ পেসার। প্রথম ইনিংসে কেন্ট করে ২৭৮ রান। পরে বল হাতে নিয়েই করেন বাজিমাত আরাফাতের। সারেকে ৩৬২ রানে অলআউট করার ইনিংসে ৬৫ রান খরচায় ৪ উইকেট নেন তিনি।

কয়েকদিন আগে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া ওলি পোপকে ফিরিয়ে শুরু হয় আরাফাতের প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা। এরপর একে একে তুলে নেন জেমি স্মিথ, বেন ফেকাও ও উইল জ্যাকসকে।  

এদিকে অভিষেক ম্যাচে ৪ উইকেট পেয়ে উচ্ছ্বসিত আরাফাত। দিনশেষে তিনি বলেন, অভিষেক ইনিংসে চার উইকেট পেয়ে আমি যেন উড়ছি। সব সময় এটা আমার মাথায় থাকে যে এখানে আমি ভালো করতে এসেছি।

১৪ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান কুমিল্লার ছেলে আরাফাত। দেশটির নাগরিকত্বও রয়েছে তার। পেশাদার ক্রিকেটে চুক্তি করার আগে কেন্টের হয়ে দীর্ঘদিন দ্বিতীয় একাদশে খেলেছেন। পাশাপাশি কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাকহিথের হয়েও খেলছেন ডানহাতি এই পেসার।

কেন্টের আগে গত ছয় বছরে সারে, এসেক্স ও ডার্বিশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে খেলেছেন আরাফাত। ২০১৯ সালে এমসিসিরি ইয়াং ক্রিকেটার্স দলেও খেলেছিলেন। গত বছর সাউথ এশিয়ান ক্রিকেট একাডেমিতেও (সাকা) খেলেছেন তিনি।

এনবিএস/ওডে/সি