এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ মে, ২০২৩, ০২:০৫ পিএম
হিরোশিমায় জেলেনস্কি-মোদি বৈঠক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘ইউক্রেনে চলমান এ যুদ্ধ শুধু অর্থনীতি কিংবা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার ইস্যু।’ একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যতটা সাধ্য আছে, তার সবটুকুই করবে ভারত। জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত নেতাদের মধ্যে মোদি একজন। রাশিয়ার সঙ্গে ভারতে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক থাকলেও মোদি বলেছেন, ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থেকে ভারত এ লড়াই বন্ধের চেষ্টা করবে। জাপানের হিরোশিমায় শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় তারা বৈঠক করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথম সরাসরি বৈঠক। সেই শহরে গত শুক্রবার সকালে শুরু হয় বিশ্বের ধনী দেশগুলো জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন রোববার সম্মেলন শেষ হবে। এই সম্মেলনে আরও যোগ দিয়েছেন জি-৭-এর আউটরিচ নামে পরিচিত আরও আট দেশের নেতারা। এই তালিকায় রয়েছে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশ।
জেলেনস্কি শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং জার্মান চ্যান্সেলার ওলাফ শুলজের সঙ্গেও বৈঠক করেছেন।
এনবিএস/ওডে/সি