ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়ার কঠোর সমালোচনা ও চীনকে সতর্ক করল জি-৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মে, ২০২৩, ০২:০৫ পিএম

রাশিয়ার কঠোর সমালোচনা ও চীনকে সতর্ক করল জি-৭

 রাশিয়ার কঠোর সমালোচনা ও চীনকে সতর্ক করল জি-৭   

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে হিরোশিমা সফরকে চলমান যুদ্ধে তার দেশের প্রতি সমর্থন লাভের চেষ্টা করছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জি-৭ দেশগুলোর দৃঢ় সমর্থনের বিষয় তার এ সফর থেকে প্রতিফলিত হয়েছে।

জি-৭ জোটভুক্ত দেশগুলোর নেতারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছেন। এ ছাড়া চীনকে সামরিকীকরণের বিষয়ে সতর্ক করেছেন তারা। চলমান তিন দিনের জি-৭ সম্মেলনের ভেনু হিরোশিমায় শনিবার বিকালে উপস্থিত হন জেলেনস্কি। এটি ৪৯তম জি-৭ সম্মেলন। রোববার শেষ হবে এ সম্মেলন।

এবারের সম্মেলনে জি-৭  নেতারা চীনকেও সামরিকীকরণের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার ভয়াবহতার শিকার হয়েছিল জাপানি শহর হিরোশিমা ।

এবারের জি-৭ সম্মেলনের আলোচ্যসূচিতে প্রাধান্য পেয়েছে ইউক্রেন ইস্যু। এ ছাড়া তারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ধারণা বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকে নতুন করে পরমাণু ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার জন্য আবারও রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন জি-৭ নেতারা। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডা ইউক্রেন যুদ্ধ ঘিরে যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং চীন নিয়ে যে উদ্বেগে পড়েছে, তারও প্রতিফলন ঘটেছে এবারের সম্মেলনে। চীন ঘিরে অর্থনৈতিক নিরাপত্তা ও তাইওয়ান ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন তারা।

সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মূল্যবান ধাতব পদার্থের সরবরাহব্যবস্থার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে বেশি উদ্বেগে রয়েছে চীন জি-৭ দেশগুলো। জি-৭-এর এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের সঙ্গে ভবিষ্যতের লেনদেন নিয়ে একটি সাধারণ কৌশল নির্ধারণ করা হবে। এই কৌশল জি-৭ ভুক্ত সব দেশের জন্য প্রযোজ্য হবে।

জি-৭ নেতাদের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া দ্রুত শর্তহীনভাবে ইউক্রেন থেকে সম্পূর্ণ রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

জি-৭ নেতারা সতর্ক করে বলেন, যেসব দেশ বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তাদের ফল ভোগ করতে হবে। এ সতর্কবার্তা মূলত বেইজিংয়ের প্রতি। ওয়াশিংটনের অভিযোগ, অর্থনৈতিক জবরদস্তির চর্চা করে বেইজিং।

এনবিএস/ওডে/সি