এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
ক্যারিয়ারে প্রথম ক্লে কোর্ট শিরোপা মেদভেদেভের
ক্যারিয়ারে প্রথম এটিপি ক্লে কোর্ট শিরোপা জিতলেন তৃতীয় বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ। রোববার রাতে ইতালিয়ান ওপেনের ফাইনালে তিনি সরাসরি ৭-৫ ও ৭-৫ সেটে হোলজার রুনিকে হারিয়ে দেন। বিবিসি
মাটিতে খেলতে হয় বলে মেদভেদেভ ক্লে কোর্টে টেনিস খেলা পছন্দ করতেন না। এবার সেই কোর্টেই শিরোপা জিতলেন ২৭ বছর বয়সী মেদভেদেভ।
চলতি বছরে এটা ছিল মেদভেদেভের পঞ্চম শিরোপা। এই জয়ের ফলে মেদভেদেভ সার্বিয়ার নোভাক জোকোভিচকে পেছনে ফেলে বিশ্ব র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। আসন্ন ফ্রান্স ওপেন গ্রান্ড স্লাম টেনিস টুর্নামেন্টে তিনি থাকবেন দ্বিতীয় বাছাই খেলোয়াড় হিসেবে। আগামী ২৮ মে প্যারিসের রোলা গ্যারোতে শুরু হবে ফ্রান্স ওপেন আসর।
২০ বছর বয়সী ডেনমার্কের টেনিস তারকা রুনিকে হারিয়ে মেদভেদেভ বলেন, ‘আমি আগে ক্লে কোর্টে খেলা ঘৃণা করতাম। তবে এখন এই খেলাকে বেশ পছন্দ করছি।’
মেদভেদেভ এর আগে তিন বার রোমের এই ক্লে কোর্ট আসরে অংশ নেন। কিন্তু একটি ম্যাচেও জয়লাভ করতে পারেন নি তিনি।
এনবিএস/ওডে/সি