এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
মহাকাশ স্টেশনে পৌছেঁছেন প্রথম সৌদি নারী
প্রথম সৌদি নারী নভোচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌছেঁছেন রায়ানাহ বার্নাভি। এর মধ্য দিয়ে প্রথম কোনো আরবীয় নারী হিসেবে মহাকাশে পাড়ি জমালেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটটি উড্ডয়ন করে।
রায়ানাহ বার্নাভি একজন স্তন ক্যান্সার গবেষকও। সিডিউল অনুযায়ী আইএসএসের কক্ষপথে তিনি ১০ দিন থাকবেন। এসময় ৩৪ বছর বয়সী এই বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট স্টেম সেল ও স্তন ক্যান্সার নিয়ে গবেষণা করবেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, দলটি ‘মাইক্রোগ্রাভিটি পরিবেশে মানব গবেষণা, কোষ বিজ্ঞান এবং ক্লাউড সিডিং পরীক্ষার’ উপর ১৪টি পরীক্ষা চালাবে।
মহাকাশে পৌছানোর আগে এক ভিডিওতে বার্নাভি বলেন, বিশ্বের সকল প্রান্তে থাকা মানুষের জন্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি চাই আপনারা সবাই বড় স্বপ্ন দেখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মানবতায় বিশ্বাস করুন।
প্রাইভেট স্পেস কোম্পানি অ্যাক্সিওম স্পেসের আয়োজনে অ্যাক্সিওম মিশন ২ তে যোগ দেন বার্নাভি তার সহযোগী হিসেবে রয়েছেন সৌদী মিশন স্পেশালিস্ট আলী আলকার্নি। তিনি উপসাগরীয় দ্বিতীয় পুরুষ মহাকাশচারী হিসেবে মহাকাশে গেছেন। এছাড়াও মিশনটিতে রয়েছেন দুই মার্কিন নভোচারী, কমান্ডার পেগি উইটসন ও পাইলট জন শফনার।
বিভিন্ন কারণে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে গুরুত্বপূর্ণ এই মিশনটি। এটি দেশটির ভিশন ২০৩০-এর একটি অংশ। এটাকে সংস্কার কর্মসূচি হিসেবে বলছে সৌদি যা তেলের উপর দেশটির নির্ভরতা কমাতে এবং সৌদি তরুণদের জন্য চাকরি তৈরি করার আশা জাগাবে।
এনবিএস/ওডে/সি