ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এরদোগানের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০১:০৫ পিএম

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এরদোগানের

 জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এরদোগানের

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন এই নেতা। জয়ের পর দেশের জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বেসরকারি ফলাফল ঘোষণার পর রোববার (২৮ মে) সন্ধ্যায় ইস্তাম্বুলের উস্কুদার জেলায় জনগণের উদ্দেশে বক্তব্য দেন এরদোগান। বক্তব্যে তিনি বলেন, ‘দেশের জনগণকে ধন্যবাদ, যারা আবার আমাদের আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব দিয়েছেন। ১৪ মে ও ২৮ মে‘র নির্বাচনে দেশের সাড়ে ৮ কোটি মানুষ বিজয়ী হয়েছেন।’

এরদোগান আরও বলেন, ‘দেশের মানুষের ভালোবাসায় ও সমর্থনে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। দেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘২১ বছর আপনারা আমাদের ওপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আশা করি আগামীতেও তা বজায় রাখবেন। আল্লাহ চাইলে আমরা আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে পারব এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব ‘

এ নির্বাচনে তুরস্কের জনগণ যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাকে তিনি ‘গণতন্ত্রের উৎসব’ আখ্যা দিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানান।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারায় নতুন করে এই ভোটগ্রহণ হয়।
 
প্রথম দফা নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী ১৪দিন পর দ্বিতীয় দফা ভোট হলো। প্রথম দফা ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন করার কথা জানান তিনি।

এনবিএস/ওডে/সি