ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কলকাতায় ৪০ ছুঁইছুঁই হবে তাপমাত্রা, বৃষ্টি কমতেই দাপটে ব্যাটিং শুরু করল গরম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

কলকাতায় ৪০ ছুঁইছুঁই হবে তাপমাত্রা, বৃষ্টি কমতেই দাপটে ব্যাটিং শুরু করল গরম

কলকাতায় ৪০ ছুঁইছুঁই হবে তাপমাত্রা, বৃষ্টি কমতেই দাপটে ব্যাটিং শুরু করল গরম

বৃষ্টির ইনিংস আপাতত শেষ। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর কয়েকটা দিন। তারপরেই জাঁকিয়ে বসবে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও দাপটে ব্যাটিং করতে চলেছে গরম। রাস্তায় বেরোলে চাঁদিফাটা রোদে নাজেহাল হতে হচ্ছে। বেলা বাড়লেই যেন লু বইছে। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে। জুনের শুরু থেকেই গরম বাড়বে বঙ্গে। তেতেপুড়ে অস্থির হতে হবে বঙ্গবাসীকে। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।

পাহাড়ি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মঙ্গল ও বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে। আগামী ৭২ ঘন্টায় উত্তরের সমতলের জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি