এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ১০:০৫ এএম
উৎক্ষেপণকালে ভেঙ্গে পড়ল উ. কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ
উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (৩১ মে) সকালে যে রকেটে করে ম্যাল্লিগিয়ং-১ নামের কৃত্রিম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছিল দ্বিতীয় ধাপে সেটিতে সমস্যা দেখা দেয়। এতে রকেট ধ্বংস হয়ে সাগরে পড়ে যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
তবে উত্তর কোরিয়া জানিয়েছে যে, শিগগিরই তারা এ উপগ্রহ উৎক্ষেপনের দ্বিতীয় প্রচেষ্টা চালাবে। কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার তৈরি ‘চল্লিমা-১’ নামে রকেটে করে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ চেষ্টা করছিল তার ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যার কারণে এ উদ্যোগ সফল হতে পারেনি। এটি ছিল দেশটির ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা। ২০১৬ সালে দেশটি প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায়। এতে সফল হলে এটাই হতো কক্ষপথে দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ প্রেরণ। মূলত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর গোয়েন্দা নজরদারি চালানোর জন্য এ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চেয়েছিল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া রকেটটি মাঝ আকাশের ধ্বংস হয়েছে। উৎক্ষেপণের পরপরই এটি রাডার থেকে হারিয়ে যায়।
গত মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিয়ং চোল কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের জবাব দিতে এ উপগ্রহ নিক্ষেপ করা হচ্ছে।
বিবিসি জানায়, উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর পার্শ্ববর্তী দুই দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছিল।
উত্তর কোরিয়া অবশ্য স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে আগেই জাপানকে অবহিত করেছিল। তবে জাপান সতর্কতা দিয়ে বলেছিল, তাদের আকাশসীমায় কোনো কিছু প্রবেশ করলে সেটি ভূপাতিত করা হবে।
এনবিএস/ওডে/সি