ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: এখনো মেলেনি ১০১ মরদেহের পরিচয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: এখনো মেলেনি ১০১ মরদেহের পরিচয়

 ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: এখনো মেলেনি ১০১ মরদেহের পরিচয়

ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় সবমিলিয়ে ২৮৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১১০০ জন। নিহতদের মধ্যে এখনো ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার (৫ জুন) ওড়িশার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ভারতের পূর্ব-মধ্যাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক রিঙ্কেশ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো প্রায় ২০০ জন আহত ব্যক্তিকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

 
রিঙ্কেশ রায় বলেন, ‘দুর্ঘটনায় প্রায় ১ হাজার ১০০ জন আহত হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনো প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহত ২৮৮ জনের মধ্যে ১০১ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।’
 
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস। পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।
 
ট্রেন দুর্ঘটনার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন । তিনি টুইট করে বলেন, ‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’
 
এছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন মোদি। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার কথা বলেছেন তিনি।
 
এদিকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং গুরুতর আহতদের ২ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি