এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
রশিদ খান না থাকলেও আমাদের ম্যাচ জেতানোর অস্ত্র আছে: হাশমতউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪ জুন মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যেই আফগানিস্তান দল মিরপুরে দুই দিন অনুশীলন করেছেন। ইনজুরির কারণে সফরের একমাত্র টেস্ট থেকে বিশ্রামে আছেন রশিদ। এ টেস্টে আফগানদের দায়িত্ব ভার সামলাবেন হাশমতউল্লাহ শহীদি। কয়েক বছর টেস্ট না খেললেও টাইগারদের হারাতে মুখিয়ে আছে সতীর্থরা। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আফগান অধিনায়ক।
হাশমতউল্লাহ শহীদির বলেন, আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে, সেটাও ৩ বছর আগে। অবশ্য আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ, নিজেদের সেরাটা চেষ্টা করব।
তিনি বলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮ থেকে ৯টি করে ম্যাচ খেলে। বোর্ড ম্যাচ আরও বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লঙ্গার ভার্সন ম্যাচ বেশি খেললে এটা আপনার খেলার উন্নতি করে। আমরা খুব বেশি টেস্ট না খেললেও আমি বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।
তিনি আরো বলেন, রশিদ ইনজুরিতে তাই একটু চ্যালেঞ্জিং হবে। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ। সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে।
বাংলাদেশ বোলারদের প্রসঙ্গ টেনে আফগান অধিনায়ক বলেন, আমাদের আস্থা রাখার মতো ব্যাটার আছে, যারা অতীতে ভালো করেছে। ওয়ানডেতে ভালো খেলা ইব্রাহিম, রহমত শাহ আছে। আমিও সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছি। আরো অনেক প্রমিজিং ব্যাটার আছে।
আমি বিশ্বাস করি, আমাদের ব্যাটাররা ভালো। দিনকে দিন উন্নতি করছে ব্যাটিং বিভাগ। আমি দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সই আশা করছি। উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। সবকিছুর জন্যই প্রস্তুত আছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি