এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
স্লো ওভার রেটের কারণে রোহিত-কোহলিদের জরিমানা করলো আইসিসি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরাজয়ের ২৪ ঘন্টা না পেরোতেই আইসিসির পক্ষ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে ভারতকে। এর ফলে, ফাইনালের ম্যাচ ফি থেকে কোনো টাকাই পাবে না রোহিতরা। একই সঙ্গে বাড়তি শাস্তি পেয়েছেন শুভমান গিল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোর কারণে বাড়তি জরিমানা গুনতে হবে গিলকে। ভারতের পাশাপাশি জরিমানার কবলে পড়েছে অস্ট্রেলিয়াও। মন্থর ওভার রেটিংয়ের কারণে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের।
ফাইনালে শুভমান গিলের আউট নিয়ে ছিল বিতর্ক। সে বিতর্কে গা ভাসিয়ে ১৫ শতাংশ জরিমানার কবলে পড়তে হয়েছে ভারতীয় তরুণ এই ব্যাটারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত সেই আউট নিয়ে পোস্ট করায় এ শাস্তি পান তিনি।
এর আগে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানেই আটকে যায় ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অজিরা। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে চতুর্থ ইনিংসে ৪৪৪ রানের বড় লক্ষ্য পায় ভারত। পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি