এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
মিরপুরে পেসারদের পাশাপাশি স্পিনাররাও ম্যাচের পার্থক্য গড়তে পারে: হাথুরুসিংহে
আর মাত্র একদিন পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে লিটন-মিরাজরা। তবে এই ম্যাচে এখনো অনিশ্চিত টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পিঠের পুরোনো ব্যথা তামিমকে বিপাকে ফেলেছে। তামিম টেস্ট একদশে থাকবে কিনা, এ নিয়ে এখনো চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবির থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার অনুশীলনের পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এর আগে কোমরে ব্যথা নিয়েই রোববার অনুশীলনে করেন তামিম। কিন্তু ফিল্ডিং ও ব্যাটিংয়ের সময় অস্বস্তিবোধ করায় লম্বা সময় ধরে সেটি চালিয়ে যেতে পারেননি। সোমবার বৃষ্টির কারণে অনুশীলন স্থগিত হয়েছিল বাংলাদেশের। মঙ্গলবার অনুশীলনে পর্যবেক্ষণ করা হবে তামিমকে। এদিন অনুশীলনে এসেও লম্বা সময় ব্যাট করতে পারেননি তিনি। ১০-১৫মিনিট অনুশীলন করে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
তামিমের খেলা নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, সে (তামিম) অনুশীলন করছে। ফিল্ডিং, ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব, এরপর ওকে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।
তামিম ছাড়াও আরও একজনকে নিয়ে ইনজুরি শঙ্কা আছে। তাসকিন আহমেদ কয়েকদিন আগেই উঠে এসেছেন চোট থেকে। পুর্নবাসন প্রক্রিয়া শেষে এই পেসার তৈরি, এমনটি বলছেন হেড কোচ হাথুরুসিংহে। যদিও বিশ্বকাপের আগে তার ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট চিন্তায় তার।
মিরপুরের সবুজ উইকেট নিয়ে হাথুরু বলেন, আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। পেসারদের সুবিধা হয়, এমন উইকেট তাদের দিতে হবে। তবে মিরপুরের উইকেটে শুধু পেসাররাই দাপট দেখাবে, তা নয়। স্পিনারদের জন্যও আছে সুখবর, এই উইকেট সবুজ থাকবে না। গরমে খুব দ্রুতই উইকেটের চরিত্র বদলে যেতে পারে।
মিরপুর টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের। লিটনের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, তাকে দেখে মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সম্ভাবনা। এই জন্যই আমরা তাকে সুযোগ দিয়েছি, ধরে রেখেছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি