এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
তদন্তের মুখে সম্ভাব্য থাইল্যান্ডের হবু প্রধানমন্ত্রী পিটা
সোমবার একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তদন্তের পর তিনি অযোগ্যও ঘোষিত হতে পারেন। থাইল্যান্ডের গত মাসের নির্বাচনে পিটা লিমজারোয়েনরাতের ম্যুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। ভোটাররা সেনাবাহিনী যুক্ত আছে এমন দলগুলোকে প্রত্যাখান করেছে। সেনাবাহিনী প্রত্যক্ষে এবং পরোক্ষে দেশটি এক দশক থেকে শাসন করে আসছে।
পিটা ইতোমধ্যে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নির্বাচন কমিশন একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। তারা খতিয়ে দেখবেন পিটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা।
কমিশনের চেয়ারম্যান ইত্তিপোর্ন বুনপ্রাকং বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘পিটা সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ রয়েছে, যার তদন্ত হওয়া প্রয়োজন।’
প্রশ্ন হচ্ছে, কতদিন ধরে এই তদন্ত কাজ চলবে তা স্পষ্ট বলা হয়নি। কিন্তু তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে প্রধানমন্ত্রী তো হতে পারবেনই না, তাকে উল্টো ১০ বছরের কারাভোগ করতে হতে পারে। অভিযোগে বলা হয়েছে, একটি নিষিদ্ধ ঘোষিত মিডিয়া কোম্পানিতে তার শেয়ার রয়েছে, যা নির্বাচন কমিশনের আইন বিরোধী। এই বিষয়ে তদন্ত হচ্ছে।
পিটা বলেন, আইটিভিতে তার শেয়ার রয়েছে। সেটা তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে ২০০৭ সাল থেকে টিভি স্টেশনটি বন্ধ। তিনি অভিযোগটি প্রত্যাখান করেন। তার দল থেকে বলা হয়েছে, এসব নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।
দলের মহাসচিব চাইতাওয়াত তুলাথন বলেছেন, ‘এমএফপি মনে করে শেষ পর্যন্ত জনগণের ইচ্ছাই বিজয়ী হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক নীতির আলোকে সৎভাবেই কাজ করবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি