এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম
পাঁচ ভেন্যুতে বিশ্বকাপের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ
চলতি বছর ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে ভারত-পাকিস্তানের জটিলতায় সূচি দিতে দেরি হওয়ায় বিশ্বের সব দেশের কোচ ও ম্যানেজম্যান্টই বিভিন্ন জায়গায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন, ম্যাচ ভেন্যু সম্পর্কে না জানায় পরিকল্পনা করতে পারছেন না।
বিসিবির একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, স্বাগতিক ভারতে বুধবার সূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছ থেকে ম্যাচের খসড়া সূচির অনুমোদনও পেয়েছে।
তিনি বলেন, প্রতিটি দলকে পাঁচটি ভেন্যুতে খেলতে হবে ম্যাচগুলো। কলকাতার ইডেন গার্ডেন, পুনের এমসিএ স্টেডিয়াম, দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম আর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে হতে পারে বাংলাদেশকে। পুনেতে ভারত আর কলকাতায় পাকিস্তানের সঙ্গে খেলা নিশ্চিত করেছে ভারতীয় মিডিয়া।
১৯ অক্টোবর ভারতের সঙ্গে আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালদের ম্যাচ। এই পাঁচ ভেন্যুর মধ্যে চারটিতেই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ধর্মশালায় বাছাই পর্ব, বেঙ্গালুরু ও কলকাতায় মূল ম্যাচ খেলেছে।
২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজে দিল্লিতে খেলেছে টি-২০ ম্যাচ। যে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। সেক্ষেত্রে পুনের স্টেডিয়ামটিই কেবল অচেনা। যদিও বিসিবিতে কানাঘুষা আছে, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও খেলবে বাংলাদেশ। আসলে দর্শকের কথা বিবেচনা করে মুম্বাইয়ের মতো বড় ভেন্যুতে বাংলাদেশের খেলা থাকার কথা না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি